তেহরান, ১৬ জুন: ইরানের সীমান্ত এলাকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের পাঠানো ৪৪টি ড্রোন ও কোয়াডকপ্টার গুলি করে ভূপাতিত করেছে ইরানি বাহিনী। রবিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের সীমান্ত পুলিশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ-আলি গুদারজি।
তিনি বলেন,
“বিভিন্ন সীমান্ত অঞ্চল দিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল ইসরায়েলি ড্রোন। তবে আমাদের সজাগ ও সাহসী সীমান্তরক্ষীরা সেগুলো শনাক্ত করে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিয়েছে।”
ব্রিগেডিয়ার জেনারেল গুদারজি আরও জানান, ইরানি বাহিনী দেশের সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং সশস্ত্র গোষ্ঠী, সন্ত্রাসী দল বা যে কোনো বৈরী শক্তি যদি অনুপ্রবেশের চেষ্টা করে, তবে তার উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে।
শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাব হিসেবে ওই রাতেই ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) চালায় ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ – একটি ক্ষেপণাস্ত্র হামলা, যার লক্ষ্য ছিল দখলদার ইসরায়েলি ভূখণ্ড।
এই পাল্টা হামলায় ইসরায়েলের কৌশলগত সামরিক ও শিল্প স্থাপনায় আঘাত হানা হয়, যার মধ্যে হাইফার তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্র ছিল অন্যতম। শনিবার রাতে এসব স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে।
ইরান স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে জবাব আরও ধ্বংসাত্মক ও শক্তিশালী হবে।
“আমরা আগ্রাসন শুরু করিনি, কিন্তু আমরা চুপ করে থাকব না। আমাদের প্রতিক্রিয়া আগেও ছিল দৃঢ়, প্রয়োজনে আরও কঠোর হবে,”— বলেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।