নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় একটি নাইটক্লাবে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। রোববার ভোরে স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে টেস্ট অব দ্য সিটি লাউঞ্জে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সাংবাদিকদের জানান, এক বা একাধিক হামলাকারী ক্লাবের ভেতরে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন, যাদের বয়স ২৭ থেকে ৬১ বছরের মধ্যে। তবে কারও আঘাত প্রাণঘাতী নয় এবং সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করেছে এবং কাছাকাছি একটি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে।
কমিশনার টিশ বলেন,
“এটি নিউইয়র্ক সিটিতে ঘটে যাওয়া একটি ভয়াবহ গোলাগুলির ঘটনা। আমরা এ বছরের সাত মাসে শহরে বন্দুক হামলা ও ভুক্তভোগীর সংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে দেখেছি। আজ যা ঘটল, তা নিঃসন্দেহে একটি ব্যতিক্রম। আমরা বিস্তারিত তদন্ত করে আসল কারণ বের করব।”
পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে এবং এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।