ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি হিসেবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও ফক্স নিউজের সাবেক রক্ষণশীল উপস্থাপিকা ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন। সিনেট নিশ্চিত করলে তিনি রাষ্ট্রদূতের মর্যাদা পাবেন।
শনিবার ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ মনোনয়নের ঘোষণা দেন। তিনি জানান, গত জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ট্যামি ব্রুস অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়েছেন, তাই তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।
ট্রাম্প লিখেছেন, “ট্যামি ব্রুস একজন মহান, দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক। তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করতে পেরে আমি আনন্দিত।”
ট্যামি ব্রুস ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার আগে ২০ বছরেরও বেশি সময় ফক্স নিউজে রক্ষণশীল রাজনৈতিক উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। তিনি উদারপন্থীদের সমালোচনামূলক বেশ কয়েকটি বইয়ের লেখক, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিয়ার ইটসেলফ: এক্সপোজিং দ্য লেফটস মাইন্ড-কিলিং এজেন্ডা।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে ব্রুস ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি বিতর্কিত বৈদেশিক নীতিকে সমর্থন করেছেন, যার মধ্যে রয়েছে অভিবাসন সংক্রান্ত কঠোরতা এবং গাজায় ত্রাণ বিতরণের জন্য বেসরকারি সামরিক ঠিকাদার পাঠানোর প্রস্তাব।