দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে মস্কোর বাংলাদেশ দূতাবাসের কাছে তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কিছু বাংলাদেশি এজেন্সি রাশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে কাজ দেয়ার লোভ দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় পাঠিয়েছে। পরবর্তীতে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্তের জন্য মস্কোর বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছে এবং দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করেছে। মুখপাত্র আরও জানান, রাশিয়ায় মানব পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের একজন সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।