তেহরান: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়।
বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। এ ঘটনার নিন্দা না করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
IRGC জানায়, “মার্কিন সরকার যদি চায় যে এ অঞ্চলে তাদের বিশ্ববিদ্যালয়গুলো নিরাপদ থাকুক, তবে তাদের অবশ্যই সোমবার (৩০ মার্চ) তেহরান সময় দুপুর ১২টার মধ্যে এই হামলার নিন্দা জানাতে হবে।”
একই সঙ্গে, ওইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী এবং আশপাশের বাসিন্দাদের ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে কাতারে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি এবং সংযুক্ত আরব আমিরাতে নিউইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাস উল্লেখযোগ্য।
এদিকে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তেহরানের বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হুমকি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং পরিস্থিতি নতুন মাত্রায় পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে।