চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভকে আটক করার অভিযোগ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাথায় কালো কাপড় বেধে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের উদ্দেশ্যে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শাহবাগ থানার কাছাকাছি পৌঁছাতেই রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে তাদের ওপর ধাওয়া করে পুলিশ। এ সময় তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কালো কাপড় মাথায় বেধে বেলা ১১ থেকে অবস্থান করছিলাম। বিকালের পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুলিশ আমাদের দশ মিনিটের মধ্যে সরে যাওয়ার আল্টিমেটাম দেয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা থানায় আত্মসমর্পণ করতে আসলে পুলিশ আমাদের ওপর হামলা করে। আমাদের আহ্বায়ক শুভ ভাইকে ধরে নিয়ে যায়।