কুয়ালালামপুর, ১ অক্টোবর : মালয়েশিয়ার পুলিশ দমানসারা টোল প্লাজার কাছে পরিত্যক্ত একটি বহুমুখী যানবাহন (এমপিভি) থেকে প্রায় ১৫০ কেজি শাবু জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৩.৩ মিলিয়ন রিঙ্গিত।
বুকিত আমান ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগ (JSPT)-এর পরিচালক দাতুক সেরি মোহদ ইউসরি হাসান বাসরি এক বিবৃতিতে জানান, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নিউ ক্লাং ভ্যালি এক্সপ্রেসওয়ের (NKVE) কিলোমিটার ১৮ দক্ষিণমুখী লেনে ঘটনাটি ঘটে।
তিনি বলেন, হাইওয়ে প্যাট্রোল টিম সন্দেহজনক গতিবিধির কারণে একটি কালো রঙের ম্যাক্সাস এমপিভি থামানোর নির্দেশ দেয়। কিন্তু চালক নির্দেশ উপেক্ষা করে দ্রুত পালিয়ে যায়, টোল ব্যারিয়ার ভেঙে ফেলে এবং পরে গাড়িটি দমানসারা টোল প্লাজার কাছে রাস্তার ডান পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
তল্লাশির সময় গাড়ি থেকে ছয়টি সবুজ বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫টি করে ছোট প্যাকেট ছিল, যার গায়ে চীনা ভাষায় “Chinese Pin Wei” লেখা ছিল। মোট ১৫০ প্যাকেট, প্রতিটি প্রায় এক কেজি ওজনের, যার ভেতরে শাবু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত মাদক ও গাড়িটি আরও তদন্তের জন্য পেটালিং জয়া জেলা পুলিশ সদর দফতরের মাদক অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হয়েছে। মামলাটি ১৯৫২ সালের ডেঞ্জারাস ড্রাগস অ্যাক্ট-এর ৩৯বি ধারায় তদন্ত করা হচ্ছে, যা দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের বিধান রাখে।
পুলিশ জানিয়েছে, পলাতক চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে তথ্য থাকলে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর নর ইযযাত নোরেজাইরি (০১৬-৮২৮৯৯১০) অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।