কাতারে অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে হংকং চায়নাকে ৮ উইকেট ও ৫৪ বল হাতে রেখে হারিয়ে টুর্নামেন্টে ঝড়ো প্রবেশ করেছে টাইগাররা। হাবিবুর রহমান সোহানের চোখধাঁধানো সেঞ্চুরি যেমন নজর কেড়েছে, তেমনি ম্যাচে নিজের ব্যাটে টি-টোয়েন্টির নতুন ইতিহাস লিখেছেন আকবর আলী।
শনিবার দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করে ১৬৭ রান। দলের পক্ষে বাবর হায়াত করেন ৪৯ বলে ৬৩ এবং ইয়াসিম মোর্তুজা ২২ বলে দ্রুত ৪০ রান যোগ করেন।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশ। মাত্র ১১ ওভারেই ম্যাচ জিতে নেয় দল। হাবিবুর রহমান সোহান মাত্র ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় চমকপ্রদ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন।
কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে ১১তম ওভারে। কিঞ্চিৎ শাহর করা ওভারের প্রথম বলটি সিঙ্গেল নিয়ে সোহান আকবরকে স্ট্রাইক দেন। এরপর আকবর যা করলেন, তা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস
ওভারের পরের পাঁচটি বলেই টানা পাঁচ ছক্কা।
ওই এক ওভার থেকেই আসে ৩১ রান, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। আকবর মাত্র ১৩ বলে অপরাজিত ৪১ রান করে দলের সহজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
টুর্নামেন্টের শুরুতেই এমন দাপুটে পারফরম্যান্স বাংলাদেশ ‘এ’ দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।