বলিভিয়ার বিপক্ষে আগামীকাল ম্যাচের আগের সংবাদ সম্মেলনে একসঙ্গে উঠে এল আর্জেন্টিনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। নিজের ভবিষ্যৎ নিয়ে অবস্থান, লিওনেল মেসির অনুশীলনে ফেরার সময়, তার বিখ্যাত ১০ নম্বর জার্সি এবং মেসি-পরবর্তী নেতৃত্ব—সবকিছু নিয়েই কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। সবচেয়ে স্পষ্ট বার্তাটি এসেছে মেসির ১০ নম্বর জার্সি নিয়ে।
কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের এক দিন আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা তার আছে বলে জানিয়েছেন তিনি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়ার সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে পারি কি না এবং কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না, তা নিয়ে সভাপতি তাপিয়ার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি। আমাদের সামনে এখন এই ম্যাচগুলো রয়েছে, তবে বিষয়টি শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছানোর ওপরই নির্ভর করছে। ইচ্ছাটা আছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এরপর নিজের অবস্থান আরও পরিষ্কার করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমি দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং কাজ চালিয়ে যাওয়া ও সমঝোতায় পৌঁছানোর ইচ্ছা আমার আছে। চূড়ান্ত কিছু হলে আমরা তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।’
সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে মেসির ১০ নম্বর জার্সিও। আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়কের বিদায়ের পর এই জার্সি কার গায়ে উঠবে—এমন প্রশ্নের জবাবে স্কালোনির উত্তর বেশ স্পষ্ট।
তিনি বলেন, ‘লিওর (বিদায়ী) ম্যাচটি না হওয়া পর্যন্ত আমরা ১০ নম্বর জার্সি কাউকেই দিচ্ছি না।’
এরপর অবশ্য জার্সিটির ভবিষ্যৎ নিয়ে ভাবনার কথাও জানিয়েছেন স্কালোনি। তার ভাষায়, ‘এরপর আমরা ভেবে দেখব।’ ভবিষ্যতে কোনো একজন খেলোয়াড়কে এই ঐতিহাসিক নম্বর দেওয়া হলেও ১০ নম্বর জার্সির মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান তিনি। তাঁর ভাবনা হলো, ‘কোনো একজন খেলোয়াড় এই নম্বরের সমস্ত মূল্য ও সৌন্দর্য বজায় রেখে এটি ধরে রাখবে।’