প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় রমনা থানাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
এই মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকাল মৃত্যু হয় ঢালিউডের সুপারস্টার সালমান শাহের। তার মৃত্যুর পরপরই অপমৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেন তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।
পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। সেই প্রেক্ষিতে মামলা হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। আদালত তখন রমনা থানাকে অপমৃত্যু ও হত্যার অভিযোগ একত্রে তদন্তের নির্দেশ দিয়ে তদন্তভার দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।
তবে প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও সালমান শাহের মৃত্যুর রহস্য আজও উদঘাটন হয়নি।
সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নাম, যিনি অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন।