ঢাকা : পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১,৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান।
তিনি বলেন, “সারাদেশে একযোগে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১,০৫৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং বাকি ৫৮৭ জন বিভিন্ন অপরাধে জড়িত।”
অভিযানের সময় পুলিশ বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদও জব্দ করে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শুটার গান, ২টি এলজি এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ।
পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং চলমান অস্থিরতা মোকাবিলায় এই অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে পুলিশের এমন সাঁড়াশি অভিযানে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটি অপরাধ দমন ও জননিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ এর যথাযথ তদারকি ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং নিরাপত্তা হুমকি মোকাবিলার অংশ হিসেবে এ ধরনের অভিযান আরও বিস্তৃত আকারে চালানো হতে পারে।