সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে পিছিয়ে পড়েছে টাইগাররা। তাই সিরিজে সমতা ফেরাতে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের।
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার পেসার তানজিম সাকিব বলেন, “আমাদের তো আর কোনো অপশন নাই। এই ম্যাচটা আমাদের জন্য অনেক বড়। আগের ম্যাচে কোথায় ভুল করেছি সেটা নিয়ে আলোচনা করেছি। এখন লক্ষ্য একটাই—জয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে ভালো দল, এটা আমাদের মানায়। দশ নম্বরে থাকা মানায় না। যা হয়েছে হয়ে গেছে, এখন জিততেই হবে। বাছাইপর্বে খেলাটা আমাদের সঙ্গে যায় না।”
সাম্প্রতিক সময়ে ওয়ানডে ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটাররা প্রচুর ডট বল খেলছেন। সেটি নিয়েও কথা বলেন সাকিব। তার ভাষায়, “আমাদের প্রধান মনোযোগ এখন স্ট্রাইক রোটেশনে। অনেক বেশি ডট বল হচ্ছে, এটা নিয়ে সবাই চিন্তিত। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক রান না তোলা যায়, তাহলে জেতা কঠিন হয়ে যায়। আমরা এই বিষয়েই কাজ করছি।”
অন্যদিকে, সিরিজে পিছিয়ে পড়লেও দলে আত্মবিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, “আমাদের প্রথম ম্যাচে সুযোগ ছিল। ভুলগুলো চিহ্নিত করেছি, এখন উন্নতির সুযোগ আছে। আমরা আগের ম্যাচ থেকে শিক্ষা নিচ্ছি। আমি বিশ্বাস করি, দল ঘুরে দাঁড়াবে।”