ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রাম থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা (৫৫) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ককটেল ও সেগুলো তৈরির উপকরণ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, রাজ্জাক মোল্লা কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের বাবা এবং বিএনপির একজন সক্রিয় গণমাধ্যম কর্মী।
এই ব্যক্তি কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও নজরুল মোল্লার এজেন্ট। খোঁজ নিয়ে জানা যায়, কোলা ও জামাল ইউনিয়নের সংঘর্ষে যে ককটেল ও অস্ত্র ব্যবহার হয়েছে তার বেশিরভাগ করেছেন এই রাজ্জাক মোল্ল্যা৷