ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরেই জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়েছে।
এতে বলা হয়, ইরানে ইসরায়েলের হামলার সরাসরি প্রতিক্রিয়া পড়েছে তেলের বিশ্ববাজারে। শুক্রবার সকালে বিশ্ববাজারে তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৬.২৯ ডলার বা ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৫.৬৫ ডলারে, যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বা ৬.৪৩ ডলার বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৪.৪৭ ডলারে, যা ২১ জানুয়ারি থেকে সর্বোচ্চ।
এমএসটি মার্কির সিনিয়র জ্বালানি বিশ্লেষক শৌল কাভোনিক বলেন, `ইরানের ওপর ইসরাইলি আক্রমণ ঝুঁকির প্রিমিয়ামকে আরও বাড়িয়ে দিয়েছে। তেল সরবরাহ বাস্তবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে এই সংঘাতকে এই অঞ্চলে তেল অবকাঠামোর ওপর ইরানের প্রতিশোধের পর্যায়ে নিয়ে যেতে হবে। চরম পরিস্থিতিতে ইরান অবকাঠামোর ওপর আক্রমণ চালাতে পারে বা হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করে দিতে পারে, যার ফলে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে।‘