যুক্তরাষ্ট্র প্রতিনিধি
বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান । পবিত্র ওমরাহ পালন শেষে ২২ অক্টোবর বুধবার তিনি নিউইয়র্কে পৌঁছবেন বলে জানা গেছে। ঐ দিন সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি হোটেলে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন । এছাড়া, ২৬ অক্টোবর সন্ধ্যায় এস্টোরিয়ার একটি হোটেলে কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । যুক্তরাষ্ট্রে জামায়াতে ইসলামীর দলীয় শাখা না থাকলেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে জামায়াতে আমীরকে সংবর্ধনা দেওয়া হবে ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের চ্যানেল 24 কে জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের বিষয়ে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন । তিনি জানান সময়ের স্বল্পতার কারণে তিনটি স্থানে (বাফেলোতে ২৪অক্টোবর, মিশিগানে ২৫ অক্টোবর এবং নিউইয়র্কে ২৬ অক্টোবর) বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভায় আমীর যোগ দেবেন ।