আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজকের এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যাটিং পজিশনেও আসবে রদবদল।
শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টস এ।
আজকের ম্যাচটিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর সেজন্য সেরা একাদশ নির্বাচন করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। আর কলম্বোর প্রেমাদাসার স্টেডিয়াম ঐতিহাসিকভাবেই স্পিনবান্ধব। একইসঙ্গে ব্যাটিং সহায়ক হিসেবেও বেশ নাম আছে এর। পিচের কথা মাথায় রেখে, দল সাজানোর ক্ষেত্রেও আসছে পরিবর্তন। অন্তত গতকালের ট্রেনিং সেশনে তেমন আভাসই মিলেছে।
এদিন বাংলাদেশ একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এছাড়া থাকবেন লিটন দাস। তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম। সাতে আফিফ হোসেন। আট নম্বরের জায়গায় দলে ফিরতে পারেন শেখ মেহেদি। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে। এছাড়া নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।