কুয়ালালামপুর: বৈধ ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র না থাকায় পুলিশের হাতে আটক হওয়ার পর ছেড়ে দেওয়ার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করায় এক বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
কুয়ালালামপুরের পুলিশ কমিশনার দাতুক ফাদিল মারসুস জানান, মঙ্গলবার ভোর আনুমানিক রাত ৩টার দিকে জালান সুয়াসা ৬ এলাকায় নিয়মিত ‘স্ন্যাপ চেক’ টহলের সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে থামানো হয়। আটক ব্যক্তির বয়স ২৪ বছর।
তিনি বলেন, প্রাথমিক তল্লাশিতে দেখা যায়, সন্দেহভাজনের কাছে বৈধ মোটরসাইকেল চালানোর লাইসেন্স ছিল না এবং কোনো বৈধ পরিচয়পত্রও দেখাতে পারেননি।
পুলিশ কমিশনার জানান, এ সময় সন্দেহভাজন ব্যক্তি আইনি ব্যবস্থা এড়াতে দায়িত্বরত পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ওই পুলিশ সদস্য তাকে ঘুষ প্রদান একটি অপরাধ—এ বিষয়ে সতর্ক করেন।
“তবে সতর্কবার্তা উপেক্ষা করে সন্দেহভাজন তার আচরণ অব্যাহত রাখেন। পরে তাকে আটক করে ঘুষ দেওয়ার চেষ্টার ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন দাখিল করা হয়,” বলেন দাতুক ফাদিল।
পুলিশ জানায়, সন্দেহভাজনকে তদন্তের স্বার্থে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা এবং দণ্ডবিধির ২১৪ ধারায় তদন্ত চলছে।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা সৃষ্টি কিংবা দুর্নীতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।