মালয়েশিয়া ২০২৭ সালের প্রস্তাবিত উন্নয়ন বাজেটের আওতায় সীমান্ত ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। এ জন্য সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।
মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসিরের সঙ্গে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) মহাপরিচালক মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জাইনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনায় একেপিএসের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রয়োজন তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সীমান্ত অবকাঠামোর আধুনিকায়ন, কৌশলগত সম্পদ ও সরঞ্জাম উন্নয়ন এবং সীমান্ত কার্যক্রমে প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহার।
মালয়েশিয়া সরকারের লক্ষ্য, এসব উদ্যোগের মাধ্যমে জাতীয় সীমান্তনিরাপত্তা জোরদারের পাশাপাশি মানুষ ও সীমান্তপথে পণ্য চলাচল আরও নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করা।
অর্থ মন্ত্রণালয় বলেছে, একেপিএসের সক্ষমতা বাড়াতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হলে দেশের প্রবেশপথগুলোর কার্যকারিতা বাড়বে। একই সঙ্গে সীমান্ত দিয়ে বাণিজ্যিক পণ্য পরিবহনও আরও সহজ ও গতিশীল হবে।
মন্ত্রণালয়ের মতে, সীমান্ত অবকাঠামো ও পরিচালন সক্ষমতা শক্তিশালী করার উদ্যোগ মালয়েশিয়ার সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রস্তাবিত বাজেট বরাদ্দের মাধ্যমে একেপিএস সীমান্তনিরাপত্তার পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে আশা করছে সরকার। পাশাপাশি দেশের বিভিন্ন প্রবেশপথে যাত্রী ও ব্যবসায়ীদের জন্য সেবার মানও উন্নত হবে।