ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি নির্বাচন ও গণভোটের সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
ঘোষিত তফসিল অনুসারে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর পর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় রাখা হয়েছে ১১ জানুয়ারি ২০২৬। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। আর প্রতিদ্বন্দ্বিতায় থাকতে না চাইলে ২০ জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
প্রচার-প্রচারণার জন্য নির্ধারিত সময়সীমা থাকবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত, অর্থাৎ ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত প্রচার চালানো যাবে।
তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা ছিলো সর্বোচ্চ সতর্কতায়। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কঠোর তল্লাশি ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারিত হওয়ার পর দেশজুড়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্দেশনা পেয়েছে বলে জানা গেছে।