জুলাই অভুত্থানকালে রাজধানীর বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে পারভেজ বেপারী নিহতের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেঘনাগ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ ৩০৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বুধবার (২৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলাটি করেছে নিহতের পিতা মো. সবুজ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে বাড্ডা থানাকে এজাহার হিসেবে গ্রহণ নির্দেশ দেন।
বৃহস্পতিবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, শাজাহান খান, আব্দুর রহমান, আমীর হোসেন আমু, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলকসহ ৩০৬ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, জুলাই অভুত্থানকালে গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ার এলাকায় বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।