মালয়েশিয়ার সমুদ্রসীমায় নিরাপত্তা ও নজরদারি জোরদারে মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (মারিটিম মালয়েশিয়া) বহরে প্রথমবারের মতো যুক্ত হয়েছে AW189 মডেলের একটি মাঝারি আকারের হেলিকপ্টার। বৃহস্পতিবার সুবাংয়ের মেরিটাইম এয়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে হেলিকপ্টারটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইলসহ মন্ত্রণালয় ও মারিটিম মালয়েশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মারিটিম মালয়েশিয়া মোট চারটি AW189 হেলিকপ্টার যুক্ত করেছে। এর মধ্যে এটি প্রথম। হেলিকপ্টারটি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ কিলোমিটার দূরত্বে অভিযান চালাতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৩১৩ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। একটানা প্রায় পাঁচ ঘণ্টা উড়তে পারা এই হেলিকপ্টার দিন-রাত বিভিন্ন আবহাওয়ায় পরিচালনা করা যায়।
পাঁচ সদস্যের ক্রু নিয়ে পরিচালিত হেলিকপ্টারটিতে সর্বোচ্চ ১৪ জন যাত্রী বহন করা সম্ভব। সমুদ্রসীমায় নজরদারি, আইন প্রয়োগ, অনুসন্ধান ও উদ্ধার, জরুরি চিকিৎসা সহায়তা এবং বিশেষ অভিযানে এটি ব্যবহার করা হবে।
মারিটিম মালয়েশিয়ার তথ্য অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত সংস্থাটি ১ লাখ ১৬ হাজার ১৯২টি পরিদর্শন ও ২৬ হাজার ২৫৩টি তল্লাশি চালিয়েছে। এসব অভিযানে ৫৬২ জনকে গ্রেপ্তার এবং ৪৩৮ কোটি রিঙ্গিতের বেশি মূল্যের সামগ্রী জব্দ করা হয়েছে। একই সময়ে ১২৯টি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ৬৩৮ জনকে উদ্ধার করা হয়।
নতুন হেলিকপ্টার যুক্ত হওয়ায় মালয়েশিয়ার সমুদ্রসীমার নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে দেশটির সরকার।