কুয়ালালামপুর, ১৯ সেপ্টেম্বর : মালয়েশিয়া দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে মালয়েশিয়া সারং মিউজিক রান ২০২৫, রোড টু ভিজিট মালয়েশিয়া ২০২৬ অনুষ্ঠানের কারণে ১০টি প্রধান সড়ক সাময়িকভাবে বন্ধ থাকবে।
কুয়ালালামপুরের উপ-পুলিশ প্রধান দাতুক মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ জানান, বিকেল ৩টায় জালান আমপাং-এ কুয়ালালামপুর সিটি সেন্টার (KLCC) সামন থেকে শুরু হবে এ অনুষ্ঠান, যেখানে ১৫ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। দৌড় প্রতিযোগিতাটি দুটি ক্যাটেগরিতে অনুষ্ঠিত হবে , ৫ কিমি মালয়েশিয়া স্পিড রান এবং ৫ কিমি ফান রান।
তিনি আরও জানান, সড়কগুলোতে যান চলাচল বিকেল ২টা ৩০ মিনিট থেকে বন্ধ ও ঘুরিয়ে দেওয়া হবে এবং ধাপে ধাপে পুনরায় খুলে দেওয়া হবে। রাত ৮টার মধ্যে সব রুট স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
যে সড়কগুলো বন্ধ থাকবে: জালান পি. রামলি, জালান আমপাং, জালান পিনাং, জালান কিয়া পেং,জালান স্টোনর, জালান কনলে, জালান রাজা চুলান, জালান বুকিত বিন্তাং, জালান সুলতান ইসমাইল, জালান আমপাং (জালান তুন রাজাক থেকে KLCC অভিমুখে / মালয়েশিয়ান রাবার বোর্ড থেকে জালান তুন রাজাক অভিমুখে)
পুলিশ জনগণকে নিষিদ্ধ এলাকায় বা এমন কোনো স্থানে গাড়ি পার্ক না করার পরামর্শ দিয়েছে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।
যে কোনো তথ্য বা সহায়তার জন্য জনসাধারণকে কুয়ালালামপুর পুলিশ হটলাইন ০৩-২১১৫ ৯৯৯৯, কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগ (JSPT KL) অপারেশন রুম ০৩-২০৭১ ৯৯৯৯ নম্বরে যোগাযোগ করতে, অফিসিয়াল JSPT KL ফেসবুক পেজ facebook.com/JsptKL ভিজিট করতে অথবা নিকটস্থ থানায় যাওয়ার আহ্বান জানানো হয়েছে।