মালয়েশিয়া এয়ারলাইন্সের কেবিম ক্রুদের প্রায় সবারই মাদক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাদের ফলাফলেও কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। এয়ারলাইন্সটির অভিভাবক প্রতিষ্ঠান ‘মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ’ (এমএজি) জানিয়েছে, তাদের ৯৮.৮ শতাংশ ক্যাবিন ক্রুর পরীক্ষা শেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের পরীক্ষা আজই সম্পন্ন করা হবে।
আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের এমএজি-এর প্রেসিডেন্ট এবং গ্রুপ সিইও নাসারুদ্দিন এ বকর জানান, ফ্লাইট নিরাপত্তা বজায় রাখতে ক্যাবিন ক্রু ও পাইলটদের নিয়মিত ও বাধ্যতামূলক এই মাদক পরীক্ষার আওতায় রাখা হচ্ছে।
গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মালয়েশিয়া এয়ারলাইন্সের এক সহকারী পাইলট বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হওয়ার পর, গত মাসে প্রতিষ্ঠানটির ২,৮৪০ জন ক্যাবিন ক্রু সদস্যকে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১৭ আগস্ট এক ঘোষণায় এমএজি জানায়, তাদের দায়িত্বে থাকা সকল পাইলটের মাদক পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এমএজি সিইও নাসারুদ্দিন বকর আরও জানান, এবার এককালীনভাবে এই বড় মাপের স্ক্রিনিং পরিচালনা করা হলেও, সামনে থেকে সকল ক্যাবিন ক্রুর জন্য প্রতি বছর এই পরীক্ষা বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে হঠাৎ করে র্যান্ডম টেস্টও অব্যাহত থাকবে।