ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেন, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম। এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানা যায়নি।
আনোয়ার ইব্রাহিম বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া স্বজনদের খবরের অপেক্ষায় থাকা পরিবারগুলোর প্রতি তাঁর চিন্তা ও সহানুভূতি রয়েছে। যেসব পরিবার প্রিয়জন হারিয়েছে, তাদের প্রতিও তিনি গভীর সমবেদনা জানান।
তিনি আরও বলেন, উদ্ধারকাজে নিয়োজিত ভেনেজুয়েলার কর্মীদের সাহস ও সক্ষমতার ওপর মালয়েশিয়ার পূর্ণ আস্থা রয়েছে। সময়ের সঙ্গে লড়াই করে চলা এসব উদ্ধার তৎপরতা সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যে সহায়তা কার্যক্রম শুরু হয়েছে, তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।