ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প, পরিস্থিতি পর্যবেক্ষণে মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  1. ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মোরন শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে এবং রাজধানী কারাকাসের পশ্চিমে প্রায় ১৬৮ কিলোমিটার এলাকায়। কম্পন রাজধানী কারাকাসসহ ত্রুজিলো, কারাবোবো, মিরান্ডা ও লা গুইরা অঙ্গরাজ্যেও অনুভূত হয়। এতে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি ও ভবন ধসের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মালয়েশিয়া। একই সঙ্গে কারাকাসে অবস্থিত মালয়েশিয়া দূতাবাস জানিয়েছে, দেশটিতে নিবন্ধিত সব মালয়েশীয় নাগরিক নিরাপদ রয়েছেন এবং তাঁদের অবস্থান নিশ্চিত করা হয়েছে।

তবে এখনো হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নির্ধারণ করতে পারেনি ভেনেজুয়েলার কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মালয়েশিয়ার দূতাবাস।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত বা সফররত মালয়েশীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় জরুরি সেবার নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে যারা এখনো নিবন্ধন করেননি, তাঁদের দ্রুত ই-কনস্যুলার প্ল্যাটফর্মে নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে।

পুত্রজায়া থেকে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »