মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী আটক অভিযানে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো পাসার সেলায়াং উতামা বাজারে অভিযান চালিয়ে ১৪২ জন বাংলাদেশি নাগরিক সহ ১৫১ বিদেশী নাগরিকে আটক করেছে। আটককৃত অভিবাসীদের মধ্যে সব থেকে বেশি বাংলাদেশী নাগরিক। আটককৃতদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এই যৌথ অভিযানটি পরিচালনা করেছে ইমিগ্রেশন বিভাগ, কুয়ালালামপুর সিটি হল (DBKL) এবং সেলায়াং পৌর কাউন্সিল (MPS)। মূলত যেসব বিদেশি বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছেন বা অবস্থান করছেন, তাদের লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে।
পাসার সেলায়াং উতামা এর আগেও একাধিকবার অভিবাসন তৎপরতার কেন্দ্রবিন্দুতে ছিল। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে পাসার হারিয়ান সেলায়াং-এ DBKL এবং MPS-এর যৌথ অভিযানে চারটি বিদেশিদের পরিচালিত স্টলসহ বিভিন্ন অননুমোদিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য জব্দ করা হয়। ২০২৪ সালের জানুয়ারিতেও একই বাজারে অভিযান চালিয়ে ১০৮ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করা হয়েছিল।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে অননুমোদিত অভিবাসীদের নিয়ন্ত্রণ এবং স্থানীয় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এমন অভিযান চলমান থাকবে। সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নেওয়া হয়েছে।
জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ কিংবা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বিদেশিদের সম্পর্কে তথ্য জানিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে।