আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির প্রভাব বাড়লেও নীতির প্রশ্নে কোনো আপস করবে না মালয়েশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আনোয়ার বলেন, বিশ্বে এখন সত্য ও ন্যায়ের চেয়ে শক্তি ও আধিপত্য বেশি প্রাধান্য পাচ্ছে। অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক আইনও বেছে বেছে প্রয়োগ করা হচ্ছে। এমন পরিস্থিতিতেও মালয়েশিয়া তার নীতিগত অবস্থান থেকে সরে আসবে না।
তিনি বলেন, দেশটি শান্তি, ন্যায়বিচার এবং নিপীড়িত মানুষের পক্ষে আগের মতোই সোচ্চার থাকবে। একই সঙ্গে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে এবং কোনো পরাশক্তির বলয়ে নিজেদের সীমাবদ্ধ রাখবে না।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, বিভক্ত বিশ্বে সংলাপ ও সহযোগিতার সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্মগুলোর একটি হলো আসিয়ান। তাই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সংগঠনটির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।
এছাড়াও তিনি মালয়েশিয়ায় নৌবাহিনীর নেভাল স্ট্রাইক মিসাইল (এনএসএম) রপ্তানির লাইসেন্স বাতিলের ঘটনায় নরওয়ের সমালোচনাও করেন। তিনি বলেন, কৌশলগত অংশীদার হিসেবে মালয়েশিয়ার সঙ্গে নরওয়ের এমন আচরণ ঠিক হয়নি।
আনোয়ার ইব্রাহিম জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে নিশ্চিত করেছেন, নরওয়ের ওই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।
তিনি বলেন, মালয়েশিয়া বিদ্যমান অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গেও নতুন সহযোগিতা গড়ে তুলবে।