গতকাল গভীর রাতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ৩টি প্রদেশে বড় ধরনের ধারাবাহিক বোমা হামলা ও নাশকতার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে মালয়েশিয়ার নাগরিকদের থাইল্যান্ডের নারাথিওয়াত, পাতানি এবং ইয়ালা প্রদেশে ভ্রমণ স্থগিত বা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
সম্প্রতি থাইল্যান্ডের ৫০টিরও বেশি বোমা হামলা ও নাশকতামূলক ঘটনা ঘটেছে। কেলান্তানের পুলিশ প্রধান ইউসুফ মামাত জানান, একযোগে হওয়া এই হামলায় কোনো মালয়েশীয় নাগরিকের হতাহতের তথ্য ডাওয়া যায়নি।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং নিরাপত্তা বজায় রাখতে জোরালো পদক্ষেপ নিয়েছে। এক বিবৃতিতে, অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ড অঞ্চল ৪ জানিয়েছে, জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জোরদার তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল স্থানীয় সময় রাত সোয়া ১০টা থেকে আজ ভোর ৫ টা পর্যন্ত নারাথিওয়াত প্রদেশে কারফিউ বলবৎ ছিল। ১৯১৪ সালের সামরিক আইন অনুযায়ী এই কারফিউ জারি করা হয়। এর ফলে সেনা সদস্যরা তল্লাশি চালানো, এলাকা নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে বলপ্রয়োগ করার পূর্ণ আইনি ক্ষমতা পেয়েছেন।