মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান তুন রাজাকে চলন্ত দুটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের সাত সদস্যও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার (১৮ জুলাই) রাত প্রায় ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর হাইকমিশনের কাছে ডুয়া রেসিডেন্সির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডাং ওয়াঙ্গি জেলা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
দুর্ঘটনায় একটি ধূসর রঙের হোন্ডা অ্যাকর্ড এবং একটি সাদা পেরোদুয়া বেজা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুটি গাড়িতে মোট আটজন আরোহী ছিলেন।
হোন্ডা অ্যাকর্ডের চালক ছিলেন জোহরের বাতু পাহাতের বাসিন্দা ৪৩ বছর বয়সী মোহদ আমির শাজওয়ান সাইয়ন। গাছ চাপা পড়ে তাঁর দুই হাতে গুরুতর আঘাত এবং বুকে অভ্যন্তরীণ জখম হয়। তাঁকে কুয়ালালামপুর হাসপাতালে (এইচকেএল) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ জুলাই) ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে পেরোদুয়া বেজা গাড়িটিতে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। তাঁদের শরীরে দৃশ্যমান কোনো গুরুতর আঘাত না থাকলেও অভ্যন্তরীণ ক্ষতির আশঙ্কায় সবাইকে হাসপাতালে নিয়ে এক্স-রেসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যাত্রীদের মধ্যে দুই মাস বয়সী এক শিশুসহ দুটি শিশু ছিল। পুলিশ জানিয়েছে, দুই মাসের শিশুটি অক্ষত রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, চলন্ত অবস্থায় হঠাৎ একটি বড় গাছ ভেঙে দুটি গাড়ির ওপর পড়ে, এতে গাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) কর্মীরা গাছ অপসারণের কাজ চালিয়ে রাত ১২টার দিকে তা শেষ করেন। পরে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি সরিয়ে নেওয়া হলে জালান তুন রাজাক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।