জাতিসংঘের শিশু অধিকার কমিটিতে নির্বাচিত মালয়েশিয়ার প্রার্থী ইয়াসমিন শরিফ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬

জাতিসংঘের শিশু অধিকারবিষয়ক কমিটি (ইউএন কমিটি অন দ্য রাইটস অব দ্য চাইল্ড)-এর ২০২৭–২০৩১ মেয়াদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রার্থী ইয়াসমিন মুহাম্মদ শরিফ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গত ২৩ জুন অনুষ্ঠিত শিশু অধিকার সনদের সদস্যরাষ্ট্রগুলোর ২১তম বৈঠকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে উপস্থিত ও ভোটদানকারী ১৮৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে তিনি ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট অর্জন করেছেন।

এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো এই কমিটিতে দায়িত্ব পালনের সুযোগ পেলেন ইয়াসমিন শরিফ। এর আগে, তিনি ২০১৩ থেকে ২০১৭ মেয়াদে একই কমিটির সদস্য ছিলেন।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই নির্বাচন শিশু অধিকার ও কল্যাণে ইয়াসমিন শরিফের দক্ষতা ও দীর্ঘদিনের কাজের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। একই সঙ্গে এটি শিশু অধিকার উন্নয়নে মালয়েশিয়ার অন্তর্ভুক্তিমূলক নীতি, আইন সংস্কার ও বিভিন্ন কর্মসূচিরও স্বীকৃতি।

বিবৃতিতে আরও বলা হয়, মালয়েশিয়ার প্রার্থিতা সফল করতে নারী, পরিবার ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কমিটির সদস্য হিসেবে ইয়াসমিন শরিফ স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি শিশু অধিকার সনদের বাস্তবায়ন পর্যবেক্ষণ, সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ এবং বিশ্বজুড়ে শিশুদের অধিকারভিত্তিক নীতি জোরদারে কাজ করবেন।

মালয়েশিয়া জানিয়েছে, শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়নে দেশটি ভবিষ্যতেও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে এবং কোনো শিশুকে পিছিয়ে না রাখার লক্ষ্যে বৈশ্বিক প্রচেষ্টায় সক্রিয় থাকবে।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »