কর্মী উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থানের পরিবেশ তৈরিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় মালয়েশিয়া। দেশটির মানবসম্পদমন্ত্রী আর. রামানান এ কথা জানিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) পুত্রজায়ায় নিজ কার্যালয়ে মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহসান রাজা শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রামানান। এ সময় দুই দেশের মধ্যে কর্মী উন্নয়ন, দক্ষতা বাড়ানো এবং আরও টেকসই কর্মসংস্থানব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
রামানান বলেন, মালয়েশিয়া ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পরিবর্তনশীল বিশ্বে কর্মক্ষেত্রের ধরনও দ্রুত বদলে যাচ্ছে। তাই দুই দেশকেই আরও আধুনিক ও প্রগতিশীল পদ্ধতিতে সহযোগিতার নতুন সুযোগ খুঁজে বের করতে হবে।
নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে মালয়েশিয়া-পাকিস্তান সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা করেন।
এদিকে, পৃথক এক বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধরশনা এম. পেরেরার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন রামানান।
তিনি বলেন, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের জন্য বাড়তি সুফল বয়ে আনতে পারে, এমন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রামানান আরও বলেন, পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং অভিন্ন অগ্রগতির লক্ষ্যের ভিত্তিতে মালয়েশিয়া ও শ্রীলঙ্কার ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।