পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির ভেতর ও আশপাশে ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেন্টকমের একটি ভিডিওতে কয়েকটি হামলার দৃশ্য দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
হামলার ঘটনা স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, সর্বশেষ হামলায় ইরানের উপকূলীয় পাঁচটি এলাকায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
পরে পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে আইআরজিসি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এ পাল্টা হামলা চালানো হয়েছে।