মালয়েশিয়ার উন্নয়নে সহযোগিতার মনোভাব ধরে রাখতে হবে: আনোয়ার ইব্রাহিম
মালয়েশিয়াকে আরও এগিয়ে নিতে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতার মনোভাব ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (৩১ জুলাই) পোর্ট ডিকসনে রাজ্য পর্যায়ের ‘সাহাবাত উসাহাওয়ান মাদানি’ উদ্যোক্তা মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনোয়ার ইব্রাহিম জনগণের প্রতি বর্তমান সরকারকে দেশ পরিচালনা ও জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের আরও কাজ করার সুযোগ দিন। দেশে একটি স্থিতিশীল সরকার রয়েছে। জনগণের জীবনমান উন্নয়নে আমরা আরও অনেক কাজ করতে চাই।’
বর্তমান নেগেরি সেমবিলান রাজ্য সরকারকেও যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আনোয়ার। তাঁর মতে, এতে ফেডারেল সরকারের সঙ্গে রাজ্য সরকারের সহযোগিতা আরও জোরদার হবে।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা করা সহজ, কারণ আমরা বন্ধু। আমরা একসঙ্গে বসে আলোচনা করতে পারি, দর-কষাকষি করতে পারি, এমনকি মতবিরোধেও জড়াতে পারি। কিন্তু দিন শেষে আমরা মিত্র।’
মালয়েশিয়ার অর্থমন্ত্রীও আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি ব্যক্তিগতভাবে আমানাহ ইখতিয়ার মালয়েশিয়া এর প্রতি বিশেষ নজর রাখবেন।
তিনি বলেন, ‘যতদিন দেশের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার ওপর থাকবে, ততদিন আমানাহ ইখতিয়ার মালয়েশিয়ার ভূমিকা আমি ভুলব না। প্রতি বছরের বাজেটেও প্রতিষ্ঠানটির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে।’
ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণের বিষয়টি কখনোই উপেক্ষা করা উচিত নয় বলেও মন্তব্য করেন আনোয়ার। তিনি বলেন, সহায়তার প্রয়োজন এমন মানুষদের শুধু আশপাশে খুঁজলে হবে না; বরং যারা দূরে রয়েছেন, বিশেষ করে যারা নিজেদের সমস্যার কথা সহজে জানাতে বা নেতাদের সঙ্গে দেখা করতে পারেন না, তাঁদের প্রতিও নজর দিতে হবে।
নির্বাচনের সময় বিভিন্ন পক্ষের দেওয়া প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং বাস্তবে তারা কী করেছে, তা দিয়ে নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আনোয়ার বলেন, ‘২০২৩ সাল থেকেই আমরা আমানাহ ইখতিয়ার মালয়েশিয়ার প্রতি গুরুত্ব দিয়ে আসছি। এটি বর্তমান রাজ্য নির্বাচনকে সামনে রেখে করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘মাদানি সরকার এভাবেই কাজ করে। শুধু প্রতিশ্রুতি দেন এমন নেতাদের নয়, বরং যারা কথা অনুযায়ী কাজ করেন, জনগণের উচিত তাঁদের বেছে নেওয়া।’