থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এবং তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী দলীয় সদস্য শাহজাহান চৌধুরীর টেবিল উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে থানায় অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকারগুলোর একটি। ইতোমধ্যে অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে নাগরিকরা থানায় না গিয়েও সহজে অভিযোগ বা সাধারণ ডায়েরি করতে পারছেন।
তিনি আরও জানান, থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব থানার ডিউটি অফিসারের কক্ষ এবং থানা প্রাঙ্গণ পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পুলিশের সেবাকে আরও জনবান্ধব করা এবং সেবাপ্রার্থী নাগরিকদের হয়রানি কমানো।
একই অধিবেশনে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট অনুমোদিত জনবল ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।
তিনি আরও জানান, বাহিনীতে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে থাকবে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি), ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদ।
সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়োগ কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইতোমধ্যে ২ হাজার ৭০৩টি কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরাসরি ২ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা হয়েছে। এসব মামলায় ৬০৪ জন হত্যাকাণ্ডের আসামি এবং ৫৩০ জন ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।