পুত্রজয়া, ৫ ডিসেম্বর : দুর্নীতিতে দোষী প্রমাণিত ব্যক্তিদের দেউলিয়া ঘোষণা করা উচিত, যাতে তারা জনগণের টাকা চুরি করে আর উপভোগ করতে না পারে,এমন কঠোর প্রস্তাব দিলেন মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (MACC) এর প্রধান কমিশনার তান শ্রী আজাম বাকী।
শুক্রবার পুত্রজয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (PICC)-এ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জাতীয় সম্পদ উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করতে এই ধরনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
আজাম বলেন, “বারবার বলেছি, এরা দেশের সম্পদ চুরি করে। তাদের শাস্তি পেতে হবে এবং যে সম্পদ লুট করা হয়েছে তা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। তাই আমরা চাই তাদের দেউলিয়া ঘোষণা করা হোক, যাতে তারা চুরি করা সম্পদ ভোগ করতে না পারে।”
তিনি আরও জানান, দেশের ভেতরে ও বাইরে চুরি হওয়া সম্পদ অনুসন্ধান ও উদ্ধারে MACC আগামী বছর আরও জোরালো পদক্ষেপ নেবে, যা সরকারের ব্যাপক দুর্নীতি দমন ও অপচয় কমানোর প্রতিশ্রুতির অংশ।
আজাম উল্লেখ করেন, বর্তমান সমাজ দুর্নীতির বিরুদ্ধে আরও সচেতন ও সজাগ, এবং তাই অপারেশন, প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রমে আরও কার্যকর ও আধুনিক পদ্ধতির দাবি বাড়ছে।
“পুরনো পদ্ধতি বদলাতে হবে। এমনকি এক-দুই বছর আগের কিছু পদ্ধতিও আগামী বছরগুলোতে প্রাসঙ্গিক নাও হতে পারে,” যোগ করেন তিনি।
MACC প্রধান জানান, আধুনিক তদন্ত কৌশল গ্রহণের মাধ্যমে সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা আরও বাড়ানো হবে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করে চুরি হওয়া সম্পদ অনুসন্ধান ও পুনরুদ্ধার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা হবে।