কুয়ালালামপুর : মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বৃহস্প্রতিবার ২৭ নভেম্বর বাংলাদেশের নতুন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালয়েশিয়া জামায়াতে ইসলামের সভাপতি সাইফুল্লাহ মানসুর এবং সংগঠনের সাবেক আমীর ড. ইউসুফ।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান, শ্রমিক অধিকারের সুরক্ষা, বৈধতা সংক্রান্ত চ্যালেঞ্জ, ডিপোর্টেশন ক্যাম্পে থাকা শ্রমিকদের সমস্যা, পাসপোর্ট ও কনস্যুলার সেবার বিলম্বসহ নানা বিষয়ে আলোচনা হয়।
হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বৈঠকে আশা প্রকাশ করে বলেন, মালয়েশিয়ায় প্রবাসীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার জন্য হাইকমিশন কাজ করছে এবং সকল প্রবাসী সংগঠন থেকে গঠনমূলক মতামতকে স্বাগত জানানো হবে।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মালয়েশিয়ায় বসবাসরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের ব্যাপকভাবে ভোটার রেজিস্ট্রেশনে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। সেইসঙ্গে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াতেও তাদের অংশগ্রহণ অত্যন্ত মূল্যবান।”
বৈঠক শেষে সাইফুল্লাহ মানসুর তার ফেসবুকে হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের একটি ছবি শেয়ার করেন এবং জানান যে প্রবাসীদের সমস্যাগুলো ইতিবাচকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিনিধিদল হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করে যে ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এ ধরনের যোগাযোগ ও সমন্বয় অব্যাহত থাকবে।