কুয়ালালামপুর, ৩১ অক্টোবর :“অদৃশ্য” ডিজিটাল হুমকি এখন সমুদ্রসীমার নিরাপত্তার মতোই বিপজ্জনক বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ খালেদ নোরদিন।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১৯তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে (ADMM) উদ্বোধনী ভাষণে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল খাতকে সমান গুরুত্ব দিতে হবে।
“আমরা দক্ষিণ চীন সাগরের চ্যালেঞ্জগুলো দেখি, কিন্তু আমাদের বুঝতে হবে— আমাদের ডিজিটাল ক্ষেত্রও একইভাবে ঝুঁকিতে রয়েছে। আমাদের নেটওয়ার্ক ও সিস্টেমে যেসব অদৃশ্য হুমকি লক্ষ্য করা হচ্ছে, সেগুলো সমুদ্রসীমার হুমকির মতোই বিপজ্জনক,” বলেন খালেদ।
তিনি আরও সতর্ক করেন যে, বর্তমানে বিভিন্ন অ-রাষ্ট্রীয় গোষ্ঠী এমন প্রযুক্তি হাতে পেয়েছে যা “সমাজকে অস্থিতিশীল করা, সরকার পতন ঘটানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার” ক্ষমতা রাখে।
“এই হুমকিগুলো কল্পনাপ্রসূত নয়। এগুলো বাস্তব এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থার জন্য গভীর ঝুঁকি সৃষ্টি করছে,” বলেন তিনি।
খালেদ নোরদিন বলেন, আসিয়ানকে এখন প্রচলিত সামরিক সহযোগিতার বাইরে গিয়ে সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা খাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
“সমুদ্র, স্থল কিংবা সাইবারস্পেস— কোনো ক্ষেত্রেই নিরাপত্তাকে উপেক্ষা করার সুযোগ নেই। এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা শুধু আসিয়ানের নয়, এটি বৈশ্বিক দায়িত্ব,” তিনি যোগ করেন।
এছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে মালয়েশিয়াকে মধ্যস্থতাকারীর দায়িত্ব দেওয়ায় তিনি দুই দেশকে ধন্যবাদ জানান।
“আমি সকল আসিয়ান দেশকে আহ্বান জানাই এই শান্তিপূর্ণ উদ্যোগকে শুধু সমর্থন নয়, বরং দ্রুত বাস্তবায়নের জন্য ‘আসিয়ান অবজারভার টিম’ গঠনে সহায়তা করুন,” বলেন তিনি।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট প্রসঙ্গে খালেদ জানান, মালয়েশিয়া আসিয়ানের মাধ্যমে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা এবং তাকে পুনরায় আঞ্চলিক কাঠামোতে ফিরিয়ে আনার প্রচেষ্টায় অঙ্গীকারবদ্ধ।
“আমাদের আশা, আসিয়ান দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শান্তির সম্পর্ক আরও গভীর হবে। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানই আসিয়ানের শক্তি ও মর্যাদার প্রতীক,” তিনি বলেন।
১৯তম ADMM বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা আঞ্চলিক স্থিতিশীলতা, প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান ডিজিটাল ও নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন।







