বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হলো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
এক মাসব্যাপী এই টিকাদান ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জন্মসনদ না থাকা শিশুরাও এই টিকা গ্রহণ করতে পারবে—যাতে কেউ টিকাদান কার্যক্রমের বাইরে না থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে নূরজাহান বেগম বলেন,
“টাইফয়েডে এখনও দেশের শিশুদের মৃত্যু হয়—এটা আমাদের লজ্জার বিষয়। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা সফলভাবে প্রতিরোধ করেছি। এবার টাইফয়েড প্রতিরোধেও আমরা সফল হব, ইনশাআল্লাহ।”
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এটি বাংলাদেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে টিকাটি, যা বাংলাদেশ সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভি (Gavi)-র সহযোগিতায়।
ক্যাম্পেইন চলবে সারাদেশে একযোগে, আগামী এক মাসব্যাপী।