অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কারো সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং অপশাসন ও দুর্নীতিতে জর্জরিত রাষ্ট্রকাঠামো থেকে বাংলাদেশের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “বর্তমানে অনেকেই সেফ এক্সিট নিয়ে আলোচনা করছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই—উপদেষ্টা হিসেবে আমাদের কারও কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে এই জাতির প্রয়োজন ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে মুক্তি বা সেফ এক্সিট।”
তিনি আরও বলেন, “গত ৫৫ বছরে আমরা দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুটের ঘটনা দেখেছি। সাধারণ মানুষের আমানত লুট করে রাষ্ট্রকে দুর্বল করে দেওয়া হয়েছে। এই অসুস্থ ও আত্মধ্বংসী কাঠামো থেকেই জাতির সেফ এক্সিট প্রয়োজন।”
সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।