কুয়ালালামপুর: আগামী ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম আসিয়ান সম্মেলন। এ উপলক্ষে শহরজুড়ে যানবাহন চলাচলে ব্যাপক নিয়ন্ত্রণ ও সড়ক মোড় পরিবর্তন কার্যকর করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ।
বুকিত আমান ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগ (JSPT)-এর পরিচালক কমিশনার দাতুক সেরি মোহদ ইউসরি হাসান বাসরি শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক প্রতিনিধিদলের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিতে এসব ব্যবস্থা ধাপে ধাপে কার্যকর করা হবে।
তিনি জানান, ২৩ ও ২৪ অক্টোবর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) থেকে শহরের বিভিন্ন হোটেল, বিশেষ করে KLCC এলাকায় পর্যন্ত মোটরকেড মহড়া (dry run) অনুষ্ঠিত হবে। এরপর ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পুরোপুরি সড়ক নিয়ন্ত্রণ ও মোড় পরিবর্তন ব্যবস্থা কার্যকর থাকবে।
এই সময়ে KLCC এলাকা ঘিরে প্রায় ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যান চলাচল সীমিত থাকবে, এবং নির্দিষ্ট কিছু সড়ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
কমিশনার ইউসরি আরও জানান, কোন কোন সড়ক ও এলাকায় এই নিয়ন্ত্রণ কার্যকর হবে এবং সেগুলোর সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে যাতে নাগরিকরা আগেভাগে বিকল্প পথ ব্যবহার করতে পারেন।
৪৭তম আসিয়ান সম্মেলনে অংশ নিতে কুয়ালালামপুরে আসবেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা যুক্তরাষ্ট্র, চীন, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আসিয়ানভুক্ত দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা।
সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক একীকরণ, এবং নিরাপত্তা জোরদার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছে, সম্মেলন চলাকালীন সময়ে জনপরিবহন ব্যবহার বা বিকল্প রুটে চলাচল করলে যানজট ও বিঘ্ন এড়ানো সম্ভব হবে।







