কুয়ালালামপুর, ২ অক্টোবর : গাজার উদ্দেশ্যে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকানোর ঘটনায় মালয়েশিয়া তীব্র নিন্দা জানিয়েছে এবং এতে অংশ নেওয়া মালয়েশিয়ান কর্মী ও স্বেচ্ছাসেবকদের তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক এই কনভয়টিতে নিরস্ত্র সাধারণ মানুষ ছিলেন, যারা অবরুদ্ধ গাজার জনগণের জন্য জীবনরক্ষাকারী মানবিক সহায়তা বহন করছিলেন। মালয়েশিয়া জানিয়েছে, এ ধরনের উদ্যোগকে বাধাগ্রস্ত করে ইসরায়েল কেবল ফিলিস্তিনিদের মৌলিক অধিকারকে খর্ব করেনি, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককেও আঘাত করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফ্লোটিলা কেবল একটি ত্রাণ কনভয় নয়, বরং বিশ্বব্যাপী সংহতি, সহানুভূতি ও মানবিকতার প্রতীক।
মালয়েশিয়া আশ্বস্ত করেছে যে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে তারা সব ধরনের বৈধ ও আইনসম্মত পদক্ষেপ নেবে। সরকার জানায়, মালয়েশিয়ার জনগণের নিরাপত্তা ও মর্যাদা অগ্রাধিকারে থাকবে এবং কোনো ধরনের অধিকার লঙ্ঘনের ঘটনায় নীরব থাকা হবে না।
দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে মালয়েশিয়া জানিয়েছে, ফিলিস্তিনি জনগণ যতদিন তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে, ততদিন দেশটি ফিলিস্তিনের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখবে।