ঢাকা, ২৭ সেপ্টেম্বর : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠকের পর কূটনৈতিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে বাংলাদেশ ও ওমান।
বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বাদর আল-বুসাইদি এ চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় কূটনৈতিক প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা আরও গভীর হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা জামিল খান জানান,
“এই সমঝোতা স্মারকের আওতায় উভয় দেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এটি একটি মাস্টার্স ডিগ্রি সমমানের প্রোগ্রাম হিসেবে গণ্য হবে।”
তিনি আরও বলেন, ওমান ক্যারিয়ার কূটনীতিকদের উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। এটি বাংলাদেশের কূটনৈতিক কর্মকর্তাদের জন্য বিশেষভাবে উপকারী হবে এবং ভবিষ্যতে অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের জন্যও এ সুযোগ বিস্তৃত হতে পারে।
নিউইয়র্কে বৈঠকের সময় উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বর্তমানে প্রায় ৭ লাখ বাংলাদেশি ওমানে কর্মরত, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রবাসী কর্মী জনগোষ্ঠী।
বাংলাদেশ আশা করছে, প্রথম ব্যাচে ২০ থেকে ২৫ জন কর্মকর্তাকে ওমানে পাঠানো সম্ভব হবে। মোস্তফা জামিল খান বলেন,
“এটি কেবল শুরু। সামনে আরও সুযোগ আসবে। দীর্ঘমেয়াদে এই সহযোগিতা আমাদের কূটনীতিকদের ওমান সম্পর্কে ভালো ধারণা দেবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে।”