ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (তারিখ) রাজধানীতে অবস্থিত চীনা দূতাবাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সম্পাদকবৃন্দ। এছাড়া ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে চীন-বাংলাদেশ যৌথ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
চীনা রাষ্ট্রদূত জানান, প্রস্তাবিত ৫ হাজার ছাত্রীদের আবাসন সুবিধাসম্পন্ন চায়না-বাংলাদেশ মৈত্রী হল নির্মাণকাজ চলতি বছরের মধ্যেই শুরু হবে। ডাকসু নেতৃবৃন্দ শিক্ষার্থীদের জন্য আরও দুটি নতুন হল নির্মাণের প্রস্তাব করলে রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চীন সরকারের আগ্রহের কথাও উল্লেখ করেন ইয়াও ওয়েন।
সভা শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করেন। পাল্টা শুভেচ্ছা হিসেবে চীনা রাষ্ট্রদূতও ডাকসু নেতাদের হাতে স্মারক উপহার তুলে দেন।