জোহর বারু, ১৩ সেপ্টেম্বর (পিবিএন সংবাদ ): মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন যে, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সেপ্টেম্বরের শেষ নাগাদ রন-৯৫ পেট্রোলের দাম মালয়েশিয়ান নাগরিকদের জন্য লিটারপ্রতি আরএম১.৯৯-এ নামানো হবে। এটি বাস্তবায়িত হবে লক্ষ্যভিত্তিক ভর্তুকি স্কিমের আওতায়।
আনোয়ার বলেন, অনেকেই সংশয় প্রকাশ করছিলেন সময়মতো এ প্রতিশ্রুতি পূরণ হবে কি না, তবে সরকার তার প্রতিশ্রুতি রাখবে।
“অনেকে বলছে, ‘এখন তো সেপ্টেম্বর চলে এসেছে, দাম কমলো কোথায়?’ একটু অপেক্ষা করুন, আমরা প্রতিশ্রুতি পূরণ করব,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন , মালয়েশিয়ানদের জন্য লিটারপ্রতি আরএম১.৯৯ নির্ধারণ করা হলেও বিদেশিদের লিটারপ্রতি আরএম২.৫০ থেকে আরএম২.৬০ পর্যন্ত গুনতে হবে।
গত জুলাই মাসে আনোয়ার জনগণের সহায়তায় কয়েকটি উদ্যোগ ঘোষণা করেছিলেন, যার মধ্যে রয়েছে এককালীন আরএম১০০ “সুম্বাঙ্গান আসাস রাহমাহ (সারা)” অনুদান, ১০টি মহাসড়কে টোল বৃদ্ধির স্থগিতকরণ এবং রন৯৫ পেট্রোলের দাম কমানো।
প্রধানমন্ত্রী আবারও দুর্নীতির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং বলেন, মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (MACC) যেকোনো স্তরের ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
“সে টুন হোক, তান সেরি, সাধারণ মানুষ বা সরকারি কর্মচারী, আমি নির্দেশ দিয়েছি যেন অভিযান চালিয়ে যাওয়া হয়। আমি এমনকি হুমকিও পেয়েছি, তবে তা আমাদের থামাতে পারবে না,” বলেন তিনি।
তিনি উল্লেখ করেন, দুর্নীতিতে জড়িতদের মধ্যে কেউ কেউ গ্যাংস্টার চক্রের নেতা বা বিপুল সম্পদের মালিক।
বিদেশ সফরের বিষয়ে সমালোচনার জবাবে আনোয়ার বলেন, সব সফরই ছিল আনুষ্ঠানিক কর্মসূত্রে, যা অন্য দেশের আমন্ত্রণে সম্পন্ন হয়েছে। তিনি আগামী ১৪ সেপ্টেম্বর দোহায় একটি জরুরি সম্মেলনে যোগ দেবেন ইসরায়েলের কাতারে হামলার পরিপ্রেক্ষিতে। আমন্ত্রণ জানিয়েছেন কাতারের আমির।
মানবিক সহায়তা প্রসঙ্গে তিনি পাকিস্তানে বন্যাদুর্গতদের সাহায্য ও মিয়ানমারে ভূমিকম্পের পর মাঠ হাসপাতাল স্থাপনের সিদ্ধান্তকে যথার্থ বলে উল্লেখ করেন।
“অন্য দেশে যখন ভয়াবহ সংকট, তখন সাহায্য করলে কোনো দেশ কখনও গরিব হয় না,” বলেন আনোয়ার।