জেদ্দা: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সোমবার জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (OIC) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২১তম বিশেষ অধিবেশনের ফাঁকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেইনের সঙ্গে বৈঠক করেছেন।
সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন, গাজায় তীব্রতর মানবিক সংকট এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, সৌদি-ইরাকি দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করা হয়।
ওআইসি বৈঠকে প্রিন্স ফয়সাল বলেন, গাজায় ইসরাইলের অব্যাহত লঙ্ঘন দুই-রাষ্ট্র সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গাজায় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ওআইসি-এর বিশেষ অধিবেশনটি মানবিক সংকট লাঘবের সমন্বিত পদক্ষেপ ও ফিলিস্তিনি ইস্যুতে সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য আহূত হয়েছিল।