কুয়ালালামপুর: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, আসিয়ানকে টেকসই উন্নয়ন ও আঞ্চলিক একীভূতকরণের পথে এগিয়ে নিতে আইনের শাসন ও ন্যায়বিচারের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে শুরু হওয়া আসিয়ান ল’ ফোরাম ২০২৫–এর উদ্বোধনী ভাষণে আনোয়ার বলেন, ২০২৫ সালে আসিয়ান চেয়ারম্যানশিপে মালয়েশিয়ার মূল প্রতিপাদ্য হচ্ছে “অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন।”
তিনি বলেন, “ন্যায়বিচার কেবল কাগজে কলমে থাকলেই চলবে না, তা মানুষকে স্পর্শ করতে হবে। আইনকে ভয় দেখানোর হাতিয়ার নয়, বরং সুরক্ষা ও ক্ষমতায়নের মাধ্যম হতে হবে।”
প্রধানমন্ত্রী জানান, জাতীয় আইন ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে এবং আঞ্চলিক সহযোগিতায় কার্যকরভাবে অংশ নিতে মালয়েশিয়া একটি স্বতন্ত্র আইন মন্ত্রণালয় গঠনের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে।
আনোয়ার আরও বলেন, আসিয়ানকে ডিজিটাল গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ ও সীমান্তবর্তী বিরোধ নিষ্পত্তির মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। “এসব পদক্ষেপ আসলে আস্থা গড়ে তোলার প্রক্রিয়া, যা আসিয়ানকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রাসঙ্গিক ও স্থিতিশীল রাখবে,” তিনি মন্তব্য করেন।
আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কারবিষয়ক মন্ত্রী দাতো’ স্রি আজালিনা ওসমান সাইদ তার মূল বক্তব্যে বলেন, অন্তর্ভুক্তি মানে আইনকে প্রতিটি মানুষ ও সম্প্রদায়ের সেবা করতে হবে। আর টেকসই উন্নয়ন মানে এমন প্রতিষ্ঠান গড়ে তোলা, যা সময়ের পরীক্ষায় টিকে থাকবে।
তিনি যোগ করেন, “আইনের শাসন কোনো বিমূর্ত ধারণা নয়; এটি শান্তি, সমৃদ্ধি ও মানবিক মর্যাদার নিশ্চয়তা। আসিয়ানে ন্যায়বিচার প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সবার জীবনে বাস্তবে প্রতিফলিত হতে হবে।”
ফোরাম চলাকালে একটি যৌথ বিবৃতি গৃহীত হওয়ার কথা রয়েছে, যেখানে আইনগত সহযোগিতা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নের অঙ্গীকার থাকবে।
আনোয়ার তার বক্তব্যে সম্প্রতি থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্ত উত্তেজনা প্রশমনে মালয়েশিয়ার মধ্যস্থতাকারী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এটি প্রমাণ করে যে আসিয়ান সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি রক্ষা করতে সক্ষম। নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “সাহসী মানুষরা শান্তির স্বার্থে ক্ষমা করতে ভয় পায় না।”
ফোরামটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যেখানে আসিয়ানভুক্ত দেশের মন্ত্রী, আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা আঞ্চলিক ন্যায়বিচার ও সুশাসন জোরদারে আলোচনায় অংশ নেবেন।