কুয়ালালামপুর: দীর্ঘ প্রতীক্ষার পর আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। বিশেষ করে নির্মাণ (Construction) এবং পর্যটন (Tourism) খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন করে সম্ভাবনার দ্বার খুলে দিল মালয়েশিয়া সরকার। এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL)-এর মাধ্যমে নিয়োগ অনুমোদন দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে মালয়েশিয়ার সরকার অনুমোদিত Foreign Workers Centralized Management System (FWCMS)-এর মাধ্যমে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব বাংলাদেশি কর্মী ৩১ মে ২০২৪-এর মধ্যে মালয়েশিয়ায় আসতে পারেননি, তারা এখন সরকারি অনুমোদনের ভিত্তিতে নতুন নিয়োগ পেতে পারবেন। নিয়োগের জন্য আবেদনকারী কোম্পানিকে হাইকমিশনের কাছে নির্ধারিত ১৫টি প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে: কোম্পানির অথরাইজেশন লেটার, ব্যাংক স্লিপ,কর্মীদের বেতন স্লিপ,কোম্পানির প্রোফাইল ও ব্যাংক বিবরণী,SOCSO ও SKHPPA সুরক্ষা সনদ,আবাসনের প্রমাণপত্র,বোয়েসেল ও নিয়োগকর্তার চুক্তি,কোটা অনুমোদনপত্র, এবং নোটারি পাবলিক ও মন্ত্রণালয় সত্যায়িত কাগজপত্র ।
বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর জায়গা নেই। সম্পূর্ণ নিয়োগ হবে স্বচ্ছ, নিয়মতান্ত্রিক এবং সরকারের কঠোর তত্ত্বাবধানে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে আবারও মালয়েশিয়ায় শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা কর্মসংস্থান ও বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।