শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের

নিউজ ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রিয়াদ: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের জ্যেষ্ঠ আলেম পরিষদ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকা এবং ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার চেষ্টার অভিযোগও তুলেছে পরিষদটি।

বুধবার পরিষদের সাধারণ সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, হুথিদের কর্মকাণ্ড আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে, নিরীহ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে এবং নিরাপত্তা বিঘ্নিত করছে।

বিবৃতিতে মক্কা ও মদিনার মতো পবিত্র নগরীকে লক্ষ্যবস্তু করার কথিত প্রচেষ্টাকে মুসলিমদের বিরুদ্ধে গুরুতর আগ্রাসন হিসেবে উল্লেখ করা হয়। পরিষদ জানায়, ইসলামের পবিত্র স্থানগুলোর নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।

পরিষদটি আরও বলেছে, হুথিদের কর্মকাণ্ড দায়েশ (আইএস) ও আল-কায়েদার মতো চরমপন্থী সংগঠনগুলোর তৎপরতার মতোই বিপজ্জনক। গোষ্ঠীটি বিশৃঙ্খলা ছড়ানো এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।

এ সময় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সতর্কতা এবং দেশটির সশস্ত্র বাহিনীর কার্যকারিতার প্রশংসা করে পরিষদ। তাদের দাবি, হুথিদের একটি কথিত ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে, যার লক্ষ্য ছিল মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে আগত মুসল্লিদের লক্ষ্যবস্তু করা।

বিবৃতিতে পবিত্র কোরআনের সেই আয়াতের উদ্ধৃতি দেওয়া হয়, যেখানে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করা এবং পৃথিবীতে বিপর্যয় ছড়ানোর নিন্দা করা হয়েছে। পরিষদটির মতে, হুথিদের কথিত অপরাধের মধ্যে নিরীহ মানুষের জীবন ও সম্পদের ওপর হামলা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং মুসলিমদের পবিত্র স্থানগুলোর মর্যাদা ক্ষুণ্ন করার বিষয়ও অন্তর্ভুক্ত।

বিশ্বের মুসলিমদের প্রতি হুথিদের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে পরিষদ। একই সঙ্গে শান্তি, নিরাপত্তা ও ধর্মীয় পবিত্রতা রক্ষায় ন্যায় ও তাকওয়ার কাজে পারস্পরিক সহযোগিতা এবং মুসলিমদের মধ্যে সংহতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »