সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে ব্রুনাই ও মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে অনুষ্ঠিত হয়েছে ১২তম তেলুক ব্রুনাই সংলাপ ২০২৬।
গত ৪ ও ৫ সেপ্টেম্বর দুই দিনের এ আয়োজনে ব্রুনাই, সাবাহ, সারাওয়াক ও মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চল থেকে লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। ‘শিকড় ও সীমান্ত পেরিয়ে: ব্রুনাই উপসাগর অঞ্চলের সাহিত্য, পরিচয় ও সামাজিক বাস্তবতা’ ছিল এবারের সংলাপের প্রতিপাদ্য।
ব্রুনাইয়ের সাহিত্যিক সংগঠন অ্যাস্টেরাওয়ানি, ভাষা ও সাহিত্য ব্যুরো এবং কুম্পুলান পুত্র সেনির সহযোগিতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।
১৯৮৭ সালে মালয়েশিয়ার লাবুয়ানে প্রথম এ সংলাপের আয়োজন করা হয়েছিল। এরপর ব্রুনাই ও মালয়েশিয়ার বিভিন্ন শহরে নিয়মিতভাবে এ আয়োজন হয়ে আসছে। তবে কোভিড-১৯ মহামারির কারণে কিছু সময় তা বন্ধ ছিল।
আয়োজকেরা বলছেন, এ সংলাপের মাধ্যমে দুই দেশের লেখক, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মীদের মধ্যে যোগাযোগ আরও বাড়ছে। পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে। নতুন প্রজন্মের লেখকদের উৎসাহিত করা এবং এ অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতেও আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।