মালয়েশিয়ার পেরাক রাজ্যে পৃথক দুটি তার চুরির ঘটনায় চার স্থানীয় বাসিন্দাকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে কামপার এবং কুয়ালা কাংসার এলাকায় অভিযান চালিয়ে টেলিফোন ও টেলিকম সংযোগের ক্যাবল চুরির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
পেরাক রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহা. আলউই জয়নাল আবেদিন এক বিজ্ঞপ্তিতে জানান, প্রথম অভিযানটি চালানো হয় কামপারের বাটা মালিম নাওয়ার এলাকার একটি মন্দিরের কাছে। ভোর সাড়ে চারটার দিকে টহল পুলিশ দুই ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে দুটি ক্যাবল কাটার এবং পাঁচ রোল তার জব্দ করা হয়, যা টেলিকম মালয়েশিয়ার (টিএম) সম্পত্তি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট টেকনিশিয়ানরা। এর ফলে প্রায় ১ হাজার রিঙ্গিত ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি ঘটে কুয়ালা কাংসারের তামান শ্রী পগি এলাকায়। রাত তিনটার দিকে সাধারণ মানুষের দেয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাড়ি সহ ২৪ ও ৩৬ বছর বয়সী দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে একটি সিলভার কালার টয়োটা ভিওস গাড়ি, ক্যাবল টানার লোহার সরঞ্জাম, তার কাটার যন্ত্র এবং তিন রোল চোরাই ক্যাবল জব্দ করা হয়।
পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত চারজনেরই পূর্ববর্তী অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের সাথে সম্পৃক্ততার রেকর্ড রয়েছে। দণ্ডবিধির ৩৭৯ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করে আসামিদের রিমান্ডে নেয়া হয়েছে। তারা পেরাকের অন্যান্য ক্যাবল চুরি চক্রের সাথে জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছে মালয়েশিয়া পুলিশ।